একটি শিশুর নাকের ব্যাকটেরিয়া পরীক্ষা করে তার ফুসফুসের সংক্রমণের অবস্থা বোঝা যায় বলে নতুন একটি গবেষণায় জানানো হয়েছে।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, তরুণদের চেয়ে শিশুদের নাক-গলার ব্যাকটেরিয়া এবং ভাইরাস আলাদা হয়, যা পরীক্ষা করে সহজে শ্বাসযন্ত্রের সংক্রমণ বোঝা যায়। কত দিন ওই শিশুর হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে সেটিও দ্রুত নির্ধারণ করা যায়।
কম গুরুতর ক্ষেত্রে প্রাকৃতিকভাবেই সংক্রমণ ঠিক হয়ে যায়। এ জন্য অ্যান্টিবায়োটিকের দরকার হয় না।
নিউমোনিয়াসহ ফুসফুসের বিভিন্ন সমস্যার কারণে বিশ্বজুড়ে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী বহু শিশু মারা যায়।
এডিনবার্গ ইউনিভার্সিটির মেডিকেল রিসার্চ কাউন্সিলের প্রধান গবেষক ডেবি বোগার্ট বলেন, ‘ফুসফুসের সংক্রমণ শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। অভিভাবকদের জন্যও চিন্তার বিষয়। আমাদের গবেষণা প্রথমবার এই সমস্যার সহজ সমাধান এনে দিবে।’
চিকিৎসকেরা নেদারল্যান্ডসের দেড় শতাধিক শিশুকে নিয়ে পরীক্ষা করেন। যাদের বয়স ৬ বছরের নিচে। সেখানে তারা নাক কিংবা গলার ব্যাকটেরিয়া পরীক্ষা করে ৯২ শতাংশ শিশুর ফুসফুসের অবস্থা ধরতে পারেন।
