নরসিংদীর শিবপুরে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫) শিবপুরের সৃষ্টিঘর এলাকার বাসিন্দা।
ধর্ষণের শিকার নারীদের স্বজনদের বরাত দিয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানায়, ঢাকা থেকে মা মেয়েসহ ৫ নারী স্বজন বাসযোগে সিলেটের হবিগঞ্জে নিজবাড়ী ফিরছিলেন। শুক্রবার রাতে যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্ঠিঘর বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়।
এ সময় গ্রেপ্তার হওয়া দুই আসামিসহ ৬ আসামি বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে মা মেয়েকে ফুসলিয়ে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে দুটি কক্ষে তাদের আটক করে ধর্ষণ করে আসামিরা। এ সময় নির্যাতনের শিকার মা-মেয়ের চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা সৃষ্টিঘর বাসস্ট্যান্ডে গিয়ে স্থানীয়দের ঘটনা জানায়। খবর পেয়ে রাতেই শিবপুর থানা-পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে।
তিনি আরো বলেন, নির্যাতনের শিকার মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার দুই আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার মা মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মামলায় অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
