‘ক্ষুদ্র প্রয়াস রক্ষা করবে ইতিহাস’ শীর্ষক আর্থিক অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এ কাজ আরও অংশগ্রহণমূলক ও সহজ করতে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বিকাশ। সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে অনুদান প্রদানের জন্য জাদুঘরের ওয়েবসাইটে একটি বিশেষ পেজ (পেমেন্ট গেটওয়ে) উদ্বোধনের পর এই কার্যক্রমের সূচনা করে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বিকাশ।
নতুন এই পেমেন্ট গেটওয়ে উদ্বোধনের ফলে দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় বিকাশের মাধ্যমে যে কেউ এই অনুদান দিতে পারবেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ১০০, ৫০০ অথবা ১ হাজার টাকা হারে যেকোনো অঙ্গের অর্থ অনুদান হিসেবে দেওয়া এখন সহজ হয়েছে। বিকাশ এই সেবা দিতে কোনো সার্ভিস চার্জ নেবে না।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, খুব ছোট পরিসরে জাদুঘর ইতিহাসের স্মারক সংরক্ষণ কার্যক্রম শুরু করা হলেও এখন তা বহু মানুষের অংশগ্রহণে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ও সমৃদ্ধ হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি এবং তা এগিয়ে নিতে অর্থ সংস্থান জরুরি। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্বরূপ প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ জাদুঘরের যে অসাধারণ অবদান তা আরও বেগবান করার কার্যক্রমে যুক্ত হয়ে বিকাশ গর্বিত। আমাদের গ্রাহক এবং তাদের পরিজনরা বিকাশের এই অনলাইন সেবা ব্যবহার করে এই উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবেন।’ বিজ্ঞপ্তি
