প্রযুক্তি পরিবর্তনের দোহাই দিয়ে কর্মী ছাঁটাই না করে তাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার দাবি জানিয়েছেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) নেতারা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। নেতারা বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে তৃতীয় পক্ষকে কাজে লাগিয়ে কর্মরতদের ছাঁটাইয়ের প্রবণতা রুখতে হবে। এজন্য প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ।
২০১২ সালে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের প্রেক্ষিতে গ্রামীণফোনের কর্মীরা চাকরির নিশ্চয়তার দাবিতে ঐক্যবদ্ধভাবে আইনি প্রক্রিয়া মেনে একটি ইউনিয়ন গঠন করে এবং রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন। দীর্ঘ সাত বছর আইনি লড়াইয়ের পর গত ৭ মার্চ ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পান। এ কারণে পরবর্তী পদক্ষেপ, কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়নটি।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ বলেন, কমন ডেলিভারি সেন্টার (সিডিসি) নামে একটি প্রজেক্ট চালুর কথা চলছে। যার মাধ্যমে আউটসোর্সিং করে তৃতীয়পক্ষকে কাজে লাগিয়ে কর্মরত কর্মীকে চাকরিচ্যুত করার আশঙ্কা থাকবে। কিন্তু এক্ষেত্রে আমাদের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সেক্টর অনেক এগিয়ে। এ প্রক্রিয়ায় বিদেশিদের ডেকে এনে কাজ দিতে হবে না। বরং আমাদের দেশেই কর্মী বাড়ানোর সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, প্রচার সম্পাদক রফিকুল কবীর, আতিকুজ্জামান মির্জা, ইমরুল কায়েস, রাজু সিনহা ও মাজহারুল ইসলাম প্রমুখ।॥
