মিষ্টির দোকানির হামলায় শিশু দিবসের অনুষ্ঠান পণ্ড

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৬:৫০ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তক আয়োজিত জাতীয় শিশু দিবসে মিষ্টির দোকানির হামলায় কেক কাটা ও আলোচনা সভা পণ্ড হয়ে গিয়েছে। হামলায় ৩ শিক্ষকসহ বিদ্যালয়ের দপ্তরি আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সাটুরিয়া- মানিকগঞ্জ সড়ক অবরোধ করে। পুরে পুলিশ ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ছাত্র- ছাত্রীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত মিষ্টির দোকানিকে গ্রেপ্তার করেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এমন খবর শুনে সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে যাই। মিষ্টির দোকানদার মো. মোতালেব হোসেন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুনির হোসেন বলেন, রবিবার সকালে অনুষ্ঠান চলছিল। এমন সময়ে জান্না বাজারের মিষ্টির দোকানদার মোতালেব হোসেন সকাল সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠান স্থলে আক্রমণ করে। অতর্কিত হামলায় দপ্তরি রফিক আহত হয়। এ সময় এগিয়ে আসলে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামছুর রহমান, খণ্ডকালীন শিক্ষক জব্বর ও ম্যানেজিং কমিটির সদস্য শাহিনকে লাঞ্ছিত করে।  দ্রুত মোতালেব ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

পরে জান্না বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুর ১২ টা থেকে পার্শ্ববর্তী সাটুরিয়া- মানিকগঞ্জ সড়ক অবরোধ করে মোতালেবের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় সাটুরিয়া- মানিকগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাটুরিয়া থানা-পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানের জন্য মিষ্টি আনার কথা ছিল নেদা পাগলার পুত্র মোতালেব হোসেনের দোকান থেকে। দপ্তরি অন্য দোকান থেকে মিষ্টি আনেন। এতে দোকানি মোতালেব অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে কেক কাটা পণ্ড করে দপ্তরি রফিকের উপর আক্রমণ করে।

 

বিদ্যালয়ে গ্রন্থাগার শিক্ষক মো. সাইফুল ইসলাম রবিবার বিকেলে বলেন, পরিবেশ স্বাভাবিক হলেও শেষে জাতীয় শিশু দিবসের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত