মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ বুদু আলী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৩টার দিকে মাদক কারবারি দু’পক্ষের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।
পুলিশ ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, নিহত মাদক কারবারি বুদু আলী গাংনী উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে। ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়দের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
তবে, নিহতের স্ত্রী হুসনে আরা খাতুনের অভিযোগ, ডিবি পুলিশ তার স্বামীকে রোববার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছেন। তার স্বামী মাদক ব্যবসায়ী ছিলেন না বলে দাবি করেন তিনি। সাতদিন আগে তিনি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।
