নরসিংদীর মাধবদী হতে শিবপুরের চাঞ্চল্যকর মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি মোখলেছ মিয়া (৩৬) আটক করেছে র্যাব ১১।
সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোখলেছ শিবপুর থানার সৃষ্টিগড় গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
র্যাব-১১ এর অধিনায়ক লে কর্নেল কাজী শামশের উদ্দিন জানান,গত শুক্রবার ভিকটিম মা ও মেয়ে একসঙ্গে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এ সময় ঘটনার মূল হোতা মোখলেছ (৩৬) ও তার সহযোগী দেলোয়ার হোসেন(৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫), মো. আলমগীর(৪০) মা ও মেয়েকে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুটমিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে সহযোগীসহ পালাক্রমে ধর্ষণ করে।
নির্যাতনের শিকার মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেপ্তার করে। শুক্রবার রাতেই নির্যাতনের শিকার মা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।
এ ঘটনার প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি দল ঘটনার মূল হোতা মোখলেছ ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে সোমবার ভোর ০৫ টায় জেলার মাধবদী এলাকায় অভিযান পরিচালনা করে মোখলেছকে আটক করা হয়। তার নামে ইতিপূর্বে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী, দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ৬টি মামলা রয়েছে।
ধর্ষণের ঘটনায় আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে নির্যাতিতা মা ও মেয়ে। একই সঙ্গে গ্রেপ্তার দুই ধর্ষককে ধর্ষণের সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করেন। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালতে এ জবানবন্দি প্রদান করেন। অভিযুক্ত আরো তিন ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
