বিশ্বকাপের জন্য অতিরিক্ত খেলার ধকল থেকে বাঁচতে ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখাননি সাকিব আল হাসান। তবে ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে থাকা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ঢাকা লিগে কয়েকটি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সবুজ সংকেত মেলেনি।
ড্রাফটে নাম না লেখানো সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি বলে দিলেন, প্রিমিয়ার লিগে সাকিবের খেলার কোনো সুযোগ দেখি না।
ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। বিপিএলের ফাইনালে আঙুলের চোটে পড়েন তিনি। এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। দুদিন পর চিকিৎসকের রিপোর্ট পেলেই জানা যাবে কবে মাঠে ফিরছেন তিনি।
তবে পুনর্বাসন প্রক্রিয়া শুরুর সময়ই বিপিএলে কয়েকটি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। কিন্তু বিসিবি কি সেই আগ্রহে সাড়া দেবে, এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় ছিল সবাই। আর খেললে সাকিব কোণ দলে খেলবেন?
সোমবার বিসিবি কার্যালয়ে ক্রাইস্টচার্চ হামলার নিহতদের স্মরণে ও ক্রিকেটাররা নিরাপদে দেশে ফেরায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নাজমুল হাসান পাপন যা বললেন, তা সাকিব শোনে মোটেও খুশি হওয়ার কথা নয়।
সাকিবের প্রিমিয়ার লিগে খেলা নিয়ে পাপন বলেন, “সাকিব খেলতে চায় (প্রিমিয়ার লিগে), আমাকেও বলেছে। ২০ তারিখে ওকে ডাক্তাররা দেখবে, এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারদের ওপর নির্ভর করছে।’’
এরপরই বিসিবি সভাপতি বলে দিলেন,‘‘সত্যি কথা বলতে ওর (সাকিবের) প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না। একেবারেই না। ওদের (সাকিব, তামিম ও মুশফিক) তো লিস্টেই (ড্রাফটেই) নাম ছিল না।’’
বিসিবি বস বলেন, ‘‘খেলতে চাইলেই তো হবে না। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এত সহজ জিনিস না। ইচ্ছে হলেই খেলব।’’
