ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসভিত্তিক ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল (পূর্ব) পাওয়ার প্ল্যান্টের নির্মাণকাজ শুরু হয়েছে। ছয় মাস ধরে মাটি ভরাট করার পর গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যুৎকেন্দ্রের পাইলিংয়ের কাজ উদ্বোধন করেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস।
এ সময় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারি প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আলতাব হোসেন, প্রজেক্ট কোঅর্ডিনেটর রেজাউল হোসেন ভূইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ করছে চীনা কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং চায়না ন্যাশনাল করপোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোর্টিয়াম (সিসিওইসি)। চুক্তি অনুযায়ী কাজ শেষে ২০২১ সালের জুলাই মাসে বিদ্যুৎকেন্দ্রটিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।
