নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে সাউদপাড়া সড়কে রমজান মিয়ার বাড়ির পাশে কালভার্ট নির্মাণের ১০দিন যেতে না যেতেই ভেঙে গেছে।
এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজ হওয়ার কারণে ভেঙে যায় ওই কালভার্টটি। পুনরায় নতুন করে নির্মাণ করে দেওয়ার দাবি জানান তারা।
সোমবার এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত গণসাক্ষরসহ অভিযোগও দায়ের করেছেন।
কলমাকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকারের সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ২০১৭-১৮ অর্থবছরে কলমাকান্দা হইতে সাউদপাড়া সড়কে ৭৫ হাজার টাকা ব্যয়ে ১৬ ফুট দীর্ঘ ও ৩.৫ ফুট চওড়া একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়। আর ওই প্রকল্প কমিটির সভাপতি হন কলমাকান্দা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মার্জিয়া আক্তার। এলজিইডি ইউড্রেনটির নকশা ও প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে দেয় এবং নকশায় ৩ ফুট উচ্চতার ওই কালভার্টের নিচে রড ও সুরকির ঢালাই দিয়ে দুই পাশে দুইটি স্তরে ইটের দেয়াল আর ইটের দুটি দেয়ালের ওপর পাকা ঢালাই দিয়ে কালভার্টটি নির্মাণের কথা রয়েছে।
সাউদপাড়া গ্রামের দিনমুজুর মো. ময়না মিয়া জানান, এই রাস্তাটি একটি জন গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তা দিয়ে ৫-৭টি গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সহস্রাধিক লোক প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করে থাকে।
কলমাকান্দা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মার্জিয়া আক্তার নকশার বাইরে কোনো কাজ হয়নি বলে দাবি করেন। কালভার্টটি নির্মাণ করার পর ১টি আলুভর্তি লড়ি যাওয়ার কারণে এটি ভেঙে যায়। তবে দ্রুত এটি মেরামত করে দেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা এলজিইডির কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন জানান, নির্মাণকাজ আমাদের তদারকি করার কথা ছিল। কিন্তু এর নির্মাণকাজ শুরু ও শেষ হওয়ার বিষয়ে ইউপি সদস্য আমাদের কিছুই অবগত করেননি। আমরা সরেজমিন পরিদর্শন করব। কাজে কোন প্রকার ত্রুটি পাওয়া গেলে কাজের বিল দেওয়া হবে না বলে তিনি জানান।
এ বিষয়ে কলমাকান্দা ইউপির চেয়ারম্যান শেখ গোলাম মৌলা জানান, আমাদের সঙ্গে যোগাযোগ না করে ওই ইউপি সদস্য ওনার মনগড়াভাবে কাজ করিয়েছেন।
কলকাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, কালভার্ট নির্মাণে অনিয়ম সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে বলে তিনি জানান।
