উপজেলা নির্বাচন নিয়ে ভৈরবে সংঘর্ষের পাল্টা হামলা সৌদি আরবে, আহত ১০

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৫০ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের দুই বংশের ঝগড়ার জের ধরে সৌদি আরবের রিয়াদে দুই পরিবারের প্রবাসীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছে বলে জানা যায়।

জানা যায়, আসন্ন ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত রোববার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নে নির্বাচনী মিছিলে স্থানীয় মুন্সিরবাড়ি ও আব্দুল হামীদের বাড়ির দুই কিশোরের মাঝে তর্কাতর্কির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

এ সময় মুন্সির বাড়ির জসিম উদ্দিনের ছেলে ইকবাল মাথায় আঘাত প্রাপ্ত হলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পরদিন সোমবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দুই বংশের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সার্জেন্ট (অব.) তাহের শালিশী বৈঠকের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে এ সংঘর্ষের খবরে সৌদি আরবের রিয়াদে অবস্থানরত শ্রীনগর গ্রামের দুই পরিবারের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুন্সির বাড়ির সমর্থক ও আব্দুল হামীদের বাড়ির সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়।

আহতদের মাঝে মুন্সির বাড়ি সমর্থক ছমেদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩৫), মৃত আমীর হোসেনের ছেলে তাজুল ইসলাম (২৫), সুরুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল হামীদের বাড়ির সমর্থক আব্দুল আলী মেম্বারের ছেলে আমিনুল ইসলামের (৩২) নাম ছাড়া অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

শ্রীনগর ইউপির চেয়ারম্যান সার্জেন্ট (অব.) তাহের মিয়া রিয়াদের ওই সংঘর্ষের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত