প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০২:১৬ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। আগামী দুয়েক দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সভা করে এই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির।
গতকাল মঙ্গলবার মনজুর কাদির দেশ রূপান্তরকে বলেন, ‘এ বছর পরীক্ষায় আবেদনকারী বেশি হওয়ায় কয়েকটি ধাপে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শতভাগ প্রস্তুতি রয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই পরীক্ষা শুরু হতে পারে।’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। এর আগে কয়েক দফায় এই পরীক্ষা গ্রহণের সময় নির্ধারণ করা হলেও তা বিভিন্ন কারণে পিছিয়ে যায়। তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১টি জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও ১৭ হাজার নিয়োগে বিজ্ঞপ্তি আসছে : সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চলমান থাকার পাশাপাশি সারা দেশে নতুন করে আরও প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছেন ডিপিই মহাপরিচালক মনজুর কাদির। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) আওতায় এসব শিক্ষক নেওয়া হবে। প্রকল্প শেষে নিয়োগপ্রাপ্তদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হবে। মনজুর কাদির বলেন, ‘সারা দেশে প্রায় ২৫ হাজার শিক্ষকের পদ শূন্য হয়েছে। দুটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ২৭ হাজার প্রাক-প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের আওতায় নিয়োগ বিজ্ঞপ্তি চলতি মাসে প্রকাশ করা হতে পারে। দুটি নিয়োগ কার্যক্রম একসঙ্গে পরিচালিত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত