দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে সেনা কর্মকর্তার স্ত্রী-ছেলে, মাগুরায় বাসের ধাক্কায় নসিমনচালক, মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তি, নাটোরে ট্রাকচাপায় যুবক, পাবনায় অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে এক ব্যক্তি ও চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কিশোর নিহত হন। গতকাল মঙ্গলবারের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে
সিলেট : ঢাকা থেকে বেড়াতে এসে গতকাল দুপুর আড়াইটার দিকে গোয়াইনঘাট উপজেলার সতিগ্রাম এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৬) ও তার ছেলে সাজিদ আহমদ (৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল জানান, সেনা কর্মকর্তা সোজার পরিবারের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় বিছনাকান্দি থেকে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সতিগ্রাম এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ইলোরা ও সাজিদ ঘটনাস্থলেই মারা যান। আহত মাহিন ও সজিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোজা ঢাকা সেনানিবাসে কর্মরত।
মাগুরা : সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মাগুরা-ফরিদপুর সড়কের হুলিনগর এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় ইমদাদুল হক (২২) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কসুন্দি গ্রামের বাসিন্দা।
মানিকগঞ্জ : বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নাটোর : নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মাসুদ রানা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া অঞ্চলের ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা : আটঘরিয়া থানার এসআই আবদুল আজিজ জানান, আটঘরিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শ্যালোইঞ্জিনচালিত নসিমনের সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের ভবানীপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আমিরুল চাটমোহর উপজেলার নরাইখালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা : গতকাল সকালে সদর থানার হাতিকাটায় পিকআপের ধাক্কায় রাজু আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। রাজু ওই গ্রামের ডাবলু হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দ্রুতগতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল হর্টিকালচার সেন্টারের একটি পিকআপ। হাতিকাটা এলাকায় পৌঁছলে সামনে থাকা বাইসাইকেল আরোহী রাজুকে ধাক্কা দেয় এটি। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কয়েক ঘণ্টা পর সেখানে তার মৃত্যু হয়।
×
