নির্বাচন-পরবর্তী সহিংসতা

ফরিদপুরে বাড়িঘর দোকানে হামলা ভাঙচুর লুটপাট

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০২:৫৯ এএম

ফরিদপুরের নগরকান্দা ও সালথায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এর ফলে বাড়িঘর ও দোকানে হামলা ভাঙচুর এবং লুটপাট করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয় বরণকারী আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন জানান, হামলার ভয়ে ভাওয়াল ইউনিয়নের পুররা, সাধুপাড়া, ভদ্রপাড়া এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া, তুঘলদিয়া, পীড়ের কামদিয়া, পুররা, সাধুপাড়া, ভদ্রপাড়া বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার কবলে পড়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। ভদ্রপাড়া গ্রামে মন্টু ডাক্তারের বাড়িতে হামলা করে দরজা, জানালা ভাঙচুর করা হয়। এছাড়া তুঘলদিয়া গ্রামে ওমর মোল্লার বাড়িতে হামলা করে ফ্রিজ নিয়ে যাওয়ারে ঘটনা ঘটে। এছাড়া তুঘলদিয়া বাজারে ফরিদ শেখের দোকান লুট করা হয়।

দেলোয়ার আরও বলেন, নির্বাচনের দিন গট্টি ইউনিয়নের সাতটি কেন্দ্রে তার এজেন্ট বের করে দিয়ে ভোট কাটা হয়েছে। কিন্তু অভিযোগ দিলেও তা আমলে নেওয়া হয়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রামকান্তপুরে দুইপক্ষের একটি সংঘর্ষ থামিয়ে দেয় পুলিশ। বিভিন্ন জায়গায় হামলার ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামে বিজয়ী ও পরাজিত সমর্থকদের হামলা ও পাল্টা হামলায় আ.লীগের একটি নির্বাচনী কার্যালয়, তিনটি দোকান ও আটটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত সোমবার রাতে পরাজিত অনারস প্রার্থীর সমর্থকদের হামলায় আ.লীগ সমর্থক ফিরোজ শেখ, আমির আলী ও গোপালের তিনটি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আ.লীগের একটি নির্বাচনী কার্যালয় ও তিনটি দোকান ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্তরা জানায়, নগরকান্দা উপজেলা পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান সরদার বিজয়ের ঘোষণা হওয়ার পর আ.লীগ বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজি শাহ জামানের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে নৌকার সমর্থকদের বাড়িঘর ও এলাকার আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালায়।

এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা করে মো. সবুজ, মানিক সর্দার, মো. ইমারত, মো. তিতাস ও সোনা মাতুব্বরের বাড়ি ভাঙচুর করে। নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বিজয়ী হন মনিরুজ্জামান সরদার অপরদিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবর চৌধুরী লাবুর সমর্থন নিয়ে আনারস প্রতীক নিয়ে পরাজিত হন কাজি বাবুল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত