সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নরিনাসহ ১৬টি গ্রাম। এই এলাকার ১৫ হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা চর নরিনা বাজার সংলগ্ন হুড়াসগর নদীর উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত ২৫০ ফুট দৈর্ঘ্যরে বাঁশের সাঁকো।
চর নরিনা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুস সেলিম জানান, চর নরিনা বাজার ও চর নরিনা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ বাঁশের সাঁকোটি ৩ বছর আগে নির্মাণ করা হয়। চর নরিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী উদ্যোগ নিয়ে এলাকাবাসীর কাছ থেকে চাঁদার টাকা তুলে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের বিনিময়ে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এ সাঁকোটি তৈরি করা হয়।
সেই থেকে প্রতি বছর একইভাবে এলাকাবাসীর সহযোগিতায় এ বাঁশের সাঁকোটির সংস্কার কাজও করা হয়। তারপরেও সাঁকোটির নির্মাণ দীর্ঘ দিনে হওয়ায় এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের সময় অনেক স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী পানিতে পড়ে যায়।
এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সাইদুল ইসলাম, কেয়া খাতুন, গ্রামবাসী সুজাবত আলী মহুরীসহ অনেকে বলেন, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চর নরিনা গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকা। এ গ্রামে যাতায়াতের ভালো কোনো রাস্তা নেই। এই সাঁকোই তাদের একমাত্র যাতায়াতের ভরসা। সাঁকো দিয়ে চর নরিনাসহ ১৬টি গ্রামের ১৫ হাজার মানুষ ও ১০টি স্কুল, কলেজ, মাদ্রাসার ৩ হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করেন।
গ্রাম গুলি হল, চর নরিনা, নরিনা, টেপরী, চরটেপরী, বারইটেপরী, পুনারটেপরী, বওশাগাড়ি, সাতবাড়িয়া, আগনুকালি, জয়রামপুর, চিলাপাড়া, মালতিডাঙ্গা, চরডিগ্রিরচর, খামারউল্লাপাড়া, কালিপুর ও ধুকুরিয়াবেড়া।
স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো হল, চরনরিনা উচ্চ বিদ্যালয়, চরনরিনা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর নরিনা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামারউল্লাপাড়া হাইস্কুল, সাতবাড়িয়া হাইস্কুল, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, সাতবাড়িয়া কারিগরি কলেজ, সাতবাড়িয়া মাদ্রাসা, নরিনা হাইস্কুল ও নরিনা মাদ্রাসা।
তারা আরও বলেন, এখানে একটি কংক্রিট ব্রিজ অতি প্রয়োজন। তাই তারা অবিলম্বে এখানে একটি কংক্রিট ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।
এ ব্যাপারে নরিনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখানে একটি কংক্রিট ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। তাই অচিরেই লিখিতভাবে এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করা হবে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন বলেন, এলাকাবাসী এ বিষয়ে লিখিতভাবে আবেদন করলে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
