আবরারের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৩:২৯ পিএম

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘাতক সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের এই অর্থ দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

একই সঙ্গে নিহতের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বুধবার জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণির নর্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় নিহত হন বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। পথচারী পারাপারের জেব্রা ক্রসিংয়েই আবরারকে চাপা দেয় বাসটি।

দুর্ঘটনার পর পরই বিক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত