দিনাজপুরে স্কুল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০২:৩৯ পিএম

নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরে রাস্তা অবরোধ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়ক, কালিতলা কোতোয়ালি থানার সামনের মোড়, চারুবাবুর মোড়, মর্ডান মোড়, বাসুনিয়াপট্টিসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে গাড়ি চালকদের বৈধ কাগজ ও হেলমেট দেখতে চান অবরোধকারী শিক্ষার্থীরা।

দিনাজপুর শহরের জিলা স্কুল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সেন্ট যোসেফস স্কুল, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ও যানবাহনের কাগজপত্র যাচাই করে।

আন্দোলনকারী স্কুলের ছাত্র নোমান, আতিক তাওয়ার, মিমসহ অনেক শিক্ষার্থী বলেন, “নিরাপদ সড়কের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সড়কে আর কত প্রাণ হারালে আমরা নিরাপদ সড়ক উপহার পাব। আমাদের সহপাঠীদের হার এভাবে অকালে প্রাণ হারাতে দিবো না আমরা। আমাদের দাবি নিরাপদ সড়কের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো।”

image

আন্দোলনের সময় বেশ কয়েকটি গাড়ির কোনো বৈধ কাগজপত্র না থাকায় শিক্ষার্থীরা আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করে ছাত্ররা।

কোতোয়ালি থানার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার (সদর সার্কেল) বলেন, “শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি থানায় নিয়ে এসেছে। তারা আমাকে গাড়ির চাবি ও চালকদের কাগজ দিয়ে বলেছে, এদের কাগজের মেয়াদ শেষ হয়েছে। আমরা শিক্ষার্থীদের কথা শুনে গাড়ির কাগজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তারপর গাড়ি গুলো ছাড়বো।”

এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, “রাস্তা অবরোধের সময় কিংবা গাড়ির কাগজ দেখার সময় কারো সঙ্গে খারাপ আচরণ করবে না এবং বিশৃঙ্খলা করবে না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত