দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের ভোট পুনঃগণনার দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনশনে বসেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তারা এই অনশন কর্মসূচি পালন করেন। অনশনকারী দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন মোছা. শাবানা বেগম (কলস) ও মোছা. শেফালী বেগম (প্রজাপতি)।
অনশনকারী দুই প্রার্থী দেশ রূপান্তরকে বলেন, ‘১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জে ভোট গণনার সময় ব্যাপক কারচুপি হয়েছে। আমাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল। কিন্তু কোনো এক মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের পরাজিত করেছে। আমরা অবিলম্বে নির্বাচনের ভোট পুনঃগণনার দাবি করছি’।
তারা আরো বলেন, ভোট পুনঃগণনা করে সবার সামনে আমাদের ফলাফল প্রকাশ করা হোক। আমরা প্রকাশিত ফলাফল মেনে নেব।
তবে এই অভিযোগ অস্বীকার করে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক দেশ রূপান্তরকে বলেন, ‘ভোট গ্রহণকারী প্রিসাইডিং অফিসারদের দেওয়া তথ্যমতে ভোট গণনা সঠিক হয়েছে। এখানে তাদের কোনো গাফিলতি হয়নি। এখানে কারচুপির কোনো অভিযোগ উঠতে পারে না’।
নির্বাচনের দুই দিন পর এই অভিযোগ করাও ঠিক নয় বলে তিনি জানান।
