রোহিঙ্গাদের জন্য ৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক ও কানাডা

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১২:৪৬ এএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক ও কানাডা সরকার ৫০ মিলিয়ন ডলার দেবে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিও, আইএমও এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘রোহিঙ্গাদের সহায়তায় আজ বিশ্বব্যাংকের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাংক দিচ্ছে ৪১ দশমিক ৬৭ মিলিয়ন ও কানাডা সরকার ৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ৫০ মিলিয়ন ডলার। এই ৫০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতার জন্য ব্যবহার করা হবে।’

তিনি বলেন, বিশ্বব্যাংক এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য ২০০ মিলিয়ন ডলার দিয়েছে। তারা আরও ৩০০ মিলিয়ন দেওয়ার কথা জানিয়েছে। এ ছাড়া সমঝোতা চুক্তির মাধ্যমে এখন দিল ৫০ মিলিয়ন ডলার।

জাহিদ মালেক বলেন, এর মধ্যে ৩৫ মিলিয়ন ডলার চারটি সংস্থাকে দেওয়া হবে। তারা রোহিঙ্গাদের ঘর-বাড়ি নির্মাণ, চিকিৎসা ও অন্যান্য খাতে ব্যয় করবে। বাকি ১৫ মিলিয়ন ডলার ব্যয় হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে। এর মধ্যে আইএমও ১২ মিলিয়ন, ইউএনএফপিএ ৯ মিলিয়ন, ইউএনআইসিইএফ ৮ দশমিক ৫ মিলিয়ন, ডব্লিউএইচও ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় করবে।

শিগগির এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ক্লিনিক নির্মাণ হচ্ছে। আমরা তাদের স্বাস্থ্যসেবার জন্য সব কাজ করে যাচ্ছি। এ ছাড়া রোহিঙ্গাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত