২৩ থেকে ২৫ মার্চ ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা রোহিঙ্গাদের

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৩:৪০ এএম

তৃতীয় ধাপের উপজেলা ভোটকে সামনে রেখে রোহিঙ্গাদের ২৩-২৫ মার্চ ক্যাম্পের চৌহদ্দির বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে রবিবার যে শতাধিক উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে তার মধ্যে কক্সবাজারের পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফও রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান। ভোটের সময় রোহিঙ্গারা যাতে বের হতে না পাওে, সে জন্য রোহিঙ্গা ক্যাম্পগুলো অবরুদ্ধ করে রাখা হবে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে কমিশন। চিঠিতে শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে সোমবার (২৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত কোনো রোহিঙ্গা শরণার্থী যাতে ক্যাম্প বা ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারে, সেই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গতকাল বৃহস্পতিবার বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে রোহিঙ্গা শরণার্থীদের যাতে কেউ ব্যবহার করতে না পারেন, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গারা ভোটের সময় ক্যাম্প থেকে কেউ বের হতে পারবে না। ওই সময় রোহিঙ্গা ক্যাম্প সিল (অবরুদ্ধ) মেরে রাখা হবে।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানিয়েছেন, ইসির নির্দেশনা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্টরা পেয়েছেন। এই সময় এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে ওই সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ইসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের যেন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোনো দুষ্কৃতকারী তাদেরকে ব্যবহার করতে না পারে সে জন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন।

জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, নরসিংদী ও কক্সবাজার সদর উপজেলার ভোট ২৪ মার্চের পরিবর্তে ৩১ মার্চ করার সিদ্ধান্ত হয়েছে। এসব উপজেলায় ইভিএমে ভোট করার কথা রয়েছে।

ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার আদালতের আদেশে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার তিনটি পদের ভোট স্থগিত করা হয়েছে। ২৪ মার্চ তৃতীয় ধাপে এ ভোট হওয়ার কথা ছিল। সে ক্ষেত্রে জেলার সদর উপজেলা ও কুতুবদিয়া ছাড়া পেকুয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফের ভোট হবে রবিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত