প্রথমে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। আজারবাইজানের বিপক্ষে দাপুটে জয়ে ইউরো ২০২০ বাছাইয়ে শুভ সূচনা পেয়েছে দলটি। বেলারুশের বিপক্ষে বিশাল জয়ে শুভ সূচনা করেছে নেদারল্যান্ডসও।
বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। আর ‘সি’ গ্রুপে বেলারুশকে ৪-০ গোলে হারায় নেদারল্যান্ডস।
জাগ্রেভে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখলেও ক্রোয়েশিয়ার শুরুটা ভালো ছিল না। ১৯তম মিনিটে গোল খেয়ে বসে তারা। ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন আজারবাইজানের রামিল সায়িদাব।
বিরতির ঠিক আগে কর্নার থেকে বল পেয়ে খুব কাছ থেকে বাঁ পায়ের শটে ম্যাচে সমতা ফেরান বরনা বারিসিচ। ৭৯তম মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে জয়সূচক গোল করেন আন্দ্রেই ক্রামারিচ।
‘ই’ গ্রুপের অপর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে হাঙ্গেরি।
‘সি’ গ্রুপে বেলারুশের বিপক্ষে রীতিমত গোল উৎসবে মেতেছে নেদারল্যান্ডস। দুই অর্ধে দুটি করে গোল পায় তারা।
ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ফরোয়ার্ড মেম্ফিস দেপায়ের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জর্জিনিয়ো উইজনালডাম। দ্বিতীয়ার্ধের খেলার দশম মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের তৃতীয় গোলটি করেন দেপাই। কর্নার থেকে অসাধারণ এক হেডে গোলটি করেন ভার্জিল ফন ডাইক।
‘সি’ গ্রুপের অপর ম্যাচে এস্তোনিয়াকে ২-০ গোলে হারায় নর্দান আয়ারল্যান্ড।
