এক সপ্তাহের মধ্যে গণশুনানির রিপোর্ট প্রকাশ করবে ঐক্যফ্রন্ট

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৮:০২ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে নেওয়া গণশুনানির রিপোর্ট বই আকারে প্রকাশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

রব বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে গণশুনানির প্রতিবেদন বই আকারে বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করা হবে। এরপর তা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

মার্চ এবং এপ্রিল জুড়ে জাতীয় ঐক্যফ্রন্টের ধারাবাহিক কর্মসূচি থাকবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে এক দলীয় শাসন নয়, এক ব্যক্তির ফ্যাসিস্ট শাসন চলছে। সরকার ভোট ডাকাতির কথা স্বীকার করছে বলেও এ সময় মন্তব্য করেন আব্দুর রব।

তিন দিনের কর্মসূচি ঘোষণা

বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতারা সকাল ৯ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। নতুন করে জাতীয় সংসদ নির্বাচন, নিরাপদ সড়ক দাবি, সিটি করপোরেশন উপনির্বাচন, উপজেলা নির্বাচন এবং ডাকসু নির্বাচনে ও ব্যবস্থাপনা, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে আগামী ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় মানববন্ধন। এছাড়া ৩১ মার্চ বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা।

এছাড়াও এপ্রিল মাস জুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মী সমাবেশ জনসভা করার ঘোষণা দেন ফ্রন্টের এই নেতা।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার, মো. মমিন উল্লাহ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা প্রমুখ। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও ফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত