বাসচাপায় নিহত আবরারের মামলা তদন্তে ডিবি

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:৩৬ এএম

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গুলশান থানা পুলিশের কাছ থেকে মামলায় গ্রেপ্তার আসামিসহ সব নথিপত্র গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের কাছে সরবরাহ করা হয়েছে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবরারের মামলার সব নথিপত্র বৃহস্পতিবার রাতেই গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১৯ মার্চ সকালে রাজধানীর প্রগতি সরণির আইকন টাওয়ার সংলগ্ন জেব্রা ক্রসিংয়ে সুপ্রভাত পরিবহনের একটি বাস আবরারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সেদিন রাত ১১টায় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গুলশান থানা পুলিশ দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করার পাশাপাশি বাসের চালক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। মামলায় বাসের সহকারী, কন্ডাক্টর ও মালিককে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার চালক সিরাজুল গুলশান থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, শাহজাদপুর বাঁশতলা সড়কে এক নারী পথচারীকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করছিল। একপর্যায়ে আইকন টাওয়ারের সামনে এসে তার বাসের চাপায় পড়েন শিক্ষার্থী আবরার। ওসি আবু বকর সিদ্দিক বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, বাঁশতলায় চাপা দেওয়া পথচারী নারীর নাম সিনথিয়া সুলতানা মুক্তা। তার সঠিক চিকিৎসার জন্য আর কোনো তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত