লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:৪২ এএম

আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান রেনু গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আপিল বিভাগের আদেশ যথাযথভাবে প্রতিপালনার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, লোহাগাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী (দোয়াত-কলম) জেলা নির্বাচন কার্যালয়ে লিখিত আবেদন করেন, তার প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হক পিয়ারুর (মোটরসাইকেল) প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করে দিলে তিনি (পিয়ারু) উচ্চ আদালতের শরণাপন্ন হন এবং নির্বাচনে বৈধ ঘোষিত হন। পরে ছলিম উদ্দিন এই আদেশের বিরুদ্ধে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করেন এবং ব্যালট পেপারে পিয়ারুর নাম ও প্রতীক বাদ দেওয়ার আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে চেয়ারম্যানসহ সব পদে নির্বাচন পুনঃআদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে।

গতকাল মধ্যরাতে প্রচার বন্ধ হওয়ার সময় নির্ধারিত ছিল। সে মোতাবেক লোহাগাড়ায় নির্বাচনের জন্য নিয়োজিত বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। তবে নির্বাচন স্থগিত হওয়ার খবরে তারা ফিরে যান। লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত