কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন ইয়াবা কারবারি ও একজন ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। নিহতরা হলো টেকনাফের নাজিরপাড়া এলাকার আজহার মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৪০) ও জালিয়াপাড়ার গ্রামের আবদুর শুক্কুরের ছেলে নুরুল আমিন (৩৫) এবং কক্সবাজার শহরের মোহাজেরপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে কোরবান আলী (২৫)। গতকাল শুক্রবার ভোররাতে টেকনাফের রাজারছড়া ও কক্সবাজার শহরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ দেশ রূপান্তরকে বলেন, একাধিক মামলায় গ্রেপ্তার নুর মোহাম্মদ ও নুরুল আমিনকে সঙ্গে নিয়ে ভোররাত ৩টার দিকে মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়। পুলিশও পাল্টা ৪২ রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে গ্রেপ্তার দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এএসআই সঞ্জীব, কনস্টেবল আল আমিন, সাইফুল ইসলাম, আরসাদুল ও সাব্বির আহত হন। হত্যাসহ বিভিন্ন অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে ১০ এবং পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা এবং মুদ্রাপাচারের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শুক্রবার ভোররাত ৪টার দিকে কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজের উত্তর পাশে গোয়েন্দা পুলিশের একটি টহল দল অভিযানে গেলে পুলিশের দিকে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কোরবানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি এলজি ও তিনটি গুলি পাওয়া গেছে। কোরবান শহরের একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও পর্যটক হত্যার অভিযোগে মামলা রয়েছে।
