ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বেচ্ছায় পর্যবেক্ষণকারী আট শিক্ষকের শাস্তির দাবি তোলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ শিক্ষক। গতকাল শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির শাস্তি দাবিকে অযৌক্তিক উল্লেখ করে এর ধিক্কার জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বিবৃতিটি পাঠান।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে, গত ১৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক দল নামে বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষক ডাকসু নির্বাচনে অননুমোদিতভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচন সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করার অপরাধে আট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের কাছে দাবি জানায় প্রভোস্ট কমিটি। গণমাধ্যমে এ সংবাদ পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা মর্মাহত। স্বতঃপ্রণোদিত স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে যাওয়া শিক্ষকদের শাস্তি দাবি করে হল প্রভোস্টরা নিজেদের নৈতিক দেউলিয়াপনা ও ভিন্ন মতের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেছেন।’ বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন প্রমুখ।
