চলন্ত বাস থেকে ফেলে ছাত্র হত্যার ঘটনায় চালক-হেলপার আটক

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:৩৯ এএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও তার হেলপারকে আটক করেছে পুলিশ।

চালক জুয়েল আহমদকে সিলেট কদমতলী এলাকা থেকে এবং হেলপার মাসুদকে (৪০) ছাতক থেকে আটক করা হয়েছে। রোববার ভোরে আটকদের মৌলভীবাজার থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি সোহেল আহম।

আটক বাস চালক জুয়েল মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল থানার ভাড়াউরা গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে। হেলপার মাসুক আলী সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার দৌলত আলীর ছেলে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

উল্লেখ্য, শনিবার মৌলভীবাজারের শেরপুর গোল চত্বরে বাস থেকে নামতে গিয়ে ওয়াসিম আফনান (২৫) নামের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র নিহত হয়।

মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহন (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) শেরপুর গোল চত্বরে আসার পর বাসে থাকা ওয়াসিম আফনানের সঙ্গে বাসে উঠানামা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার ধাক্কা দিয়ে বাস থেকে ছিটকে নিচে পড়ে গেলে বাসটি ওয়াসিমের পায়ের উপর দিয়ে চলে যায়। ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার বাসটি বেগমপুর নামক স্থানে রেখে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত