এমপিওভুক্তির দাবিতে টানা পাঁচ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টার দিকে সংগঠনটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা কমিটির নেতারা মিলে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েছেন, আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করিয়ে দেবেন। তার কথায় শ্রদ্ধা রেখে আমরা আপাতত আন্দোলন স্থগিত করছি। আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাব।’
এর আগে দীপু মনি আন্দোলনরত শিক্ষকদের বলেন, ‘যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয়নি সেগুলো সম্পর্কে আমরা জানি। যেহেতু এর সঙ্গে অর্থনৈতিক ব্যাপার জড়িত আছে। আমরা আশা করছি, এক থেকে দেড় মাসের মধ্যে এমপিওভুক্তির বিষয়ে ঘোষণা দিতে পারব। আমরা সামনের অর্থবছরেই এমপিওভুক্তি করব। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমি নিজে একজন শিক্ষিকার সন্তান। আমরা সকলে এই সমাজের মানুষ। আপনারা আমাদের একটু সময় দেন। আপনাদের কাছে অনুরোধ, এই কর্মসূচি শেষ করে বাড়িতে ফিরে যাবেন। স্কুলে গিয়ে কাজ শুরু করুন।’
এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন। সর্বশেষ গত বছর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক মাস ধরে আন্দোলন করার পর সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাসে তা স্থগিত করা হয়।
