সড়কে শৃঙ্খলা ফেরাতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলন ও নানামুখী কার্যক্রম বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে। কিন্তু গাড়ি চালক, মালিক এবং নাগরিকদের ট্রাফিক আইন অমান্য করার অভ্যাসের তেমন কোন হেরফের দেখা যায়নি। ফলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়া মাত্র রাস্তায় একই অরাজক অবস্থা দেখতে পাওয়া যায়।
ট্রাফিক পুলিশ এবং শিক্ষার্থীরা সিগনালে পড়লে জেব্রাক্রসিং ফাঁকা রেখে বা আগে গাড়ি থামাতে বললেও গাড়ি চালকরা তা অমান্য করেই আসছে। পরিস্থিতি এমন যে, ঢাকার রাস্তায় জেব্রা ক্রসিং রাস্তার ওপর নিছক সাদা-কালো দাগ ছাড়া আর কিছু নয় বলেই মনে হতে পারে। কয়েক দিন আগে রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় জেব্রাক্রসিং পার হওয়ার সময় বাস চাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা।
এই পরিস্থিতিতে ফেসবুকে এক পুলিশ কর্মকর্তা জেব্রাক্রসিং অমান্যকারীদের প্রতিরোধে শিক্ষার্থীদের এক অভিনব তৎপরতার ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়- ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর মধ্যে যেগুলো জেব্রা ক্রসিংয়ের ওপর থেমে আছে, সেগুলোর ওপর দিয়ে শিক্ষার্থীরা রাস্তা পার হচ্ছেন।
ভিডিওটি শেয়ার করা হলে অনেকেই শিক্ষার্থীদের এই অভিনব তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। সেখানে কমেন্টকারীদের মধ্যে লেখক, অনুবাদক রাজু আলাউদ্দিন বলেছেন- ‘দেশব্যাপী এমন প্রতিবাদ ছড়িয়ে পড়ুক। গাড়িওয়ালারা বুঝুক এটা।’
