মেহেদী মারুফের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৮:৪৪ পিএম

টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। এরপর টানা দুই ম্যাচে সেঞ্চুরি এসেছে সাইফ হাসানের ব্যাট থেকে। এবার টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন লিজেন্ডস অব রূপগঞ্জের মেহেদী মারুফ। তার ব্যাটে ভর করে ঢাকা প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সোমবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারায় রূপগঞ্জ।

সাভারের বিকেএসপিতে টস হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৬৪ রান করেছিল খেলাঘর। জবাবে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া মেহেদী মারুফের ব্যাট থেকে আসে ১০৮ রান। ১৩৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০৮ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। গাজী গ্রুপের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ১৩৭ রান করেছিলেন।

এদিন মেহেদী মারুফ ছাড়াও ৭২ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। ২৬৫ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মারুফ ও নাঈম যোগ করেন ১১৮ রান। ৪৬তম ওভারে মারুফ যখন খেলাঘরের চতুর্থ শিকার হয়ে ফেরেন, তখন স্কোর বোর্ডে ২৩৯ রান তুলে ফেলেছে রূপগঞ্জ। বাকি কাজটা তাই সহজেই সম্পন্ন করেছে দলটি। মুমিনুল হক ২৬ ও অধিনায়ক নাঈম ইসলাম অপরাজিত ২৮ রান করেন। খেলাঘরের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন মইনুল ইসলাম।

এর আগে তিন ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল খেলাঘর। ওপেনার রবিউল ইসলাম রবি ৫৩, মাহিদুল ইসলাম অঙ্কন ৭৭ ও অশোক মেনেরিয়া অপরাজিত ৮৭ রান করেন। রূপগঞ্জের পক্ষে ১টি করে উইকেট নেন শুভাশীষ রায়, রিশি ধাওয়ান ও মুক্তার আলি।

ম্যাচসেরা হয়েছেন মেহেদী মারুফ। টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত