‘বাকশালে যোগ দেওয়ার ফরম ওয়েস্ট বক্সে ফেলেছিলেন জিয়া’

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৯:১১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দাবি করে বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালে যোগ দেননি। বাকশালে যোগ দেওয়ার ফরম ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিয়েছিলেন।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ফরম পূরণ করে বাকশালে যোগ দিয়েছিলেন জিয়া। তার এমন বক্তব্যের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, তার এই বক্তব্য সঠিক নয়।

তিনি বলেন, ‘বাকশাল যখন গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর হেড কোয়ার্টারে আমি তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলাম। একদিন সকাল ১০টার সময় জেনারেল জিয়া আমাকে বললেন, দেখ তো হাফিজ আমার কাছে একটা ফরম পাঠিয়েছে। আমি দেখলাম এটা বাকশালে যোগদানের ফরম’।

‘উনি বললেন, তোমরা কি বলো? আমি বললাম, স্যার এই ব্যবস্থা টিকবে না, আপনি এটাতে যোগ দেবেন না। উনি আমার দিকে তাকালেন। কিন্তু সাইন করেননি। এরপর উনি বললেন, তুমি ঠিকই বলেছ, ফরমটা নিয়ে উনি ওয়েস্ট পেপার বাস্কেটে মধ্যে ফেলে দিলেন’।

তিনি বলেন, ‘আমি তার জীবন্ত সাক্ষী। আমি বলছি, যদি উনি (জিয়াউর রহমান) যোগদান করে দেখান, ফরম পূরণ করে থাকেন দেখান’। ‘মিথ্যাচার করে দেশটাকে আপনারা (আওয়ামী লীগ) শেষ করে দিয়েছেন। দেশের নির্বাচন হয় নাই। বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়েছে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত