বরিশালের বাবুগঞ্জে উপজেলা নির্বাচনে প্রশাসনের প্রত্যক্ষ মদদে জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সরকারি দলের ক্যাডাররা ভোটকেন্দ্র দখল করে ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থীর জয় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাবুগঞ্জ উপজেলায় ১ লাখ ১৫ হাজর ১৬২ জন ভোটারের মধ্যে ২০ শতাংশ ভোটার কেন্দ্রে আসেননি। সেখানে কী করে নৌকা প্রতীকের প্রার্থী ৩৮ ভাগ ভোট পায়? উপজেলার ৫০টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রে পুলিশ, র্যাব ও বিজিবির নীরবতা পালনের সুযোগে ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে সরকারি দলের ক্যাডাররা কেন্দ্র দখল করে ভোট দিয়েছে। তাৎক্ষণিকভাবে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ দিয়েও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
অন্যদিকে বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লার নেতৃত্বে একদল ক্যাডার ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দিয়ে বাক্স ভরেছে।
