রাজধানীতে চক্রাকার বাস সার্ভিস চালু হচ্ছে কাল

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:৪১ এএম

রাজধানীর যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে আগামীকাল বুধবার থেকে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। এদিন তিনটি রুটের মধ্যে প্রথমে ধানম-ি-সায়েন্স ল্যাব-নিউ মার্কেট-আজিমপুর রুটে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।

আজ মঙ্গলবার থেকে এই সার্ভিস চালুর কথা থাকলেও স্বাধীনতা দিবসের অনেক রাষ্ট্রীয় কর্মসূচি এবং এই পথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির চলাচল থাকবে তাই এক দিন পেছানো হয়েছে। গতকাল সোমবার আজিমপুরে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের এসব তথ্য জানান।

সাঈদ খোকন বলেন, ‘ঢাকা শহরের যে তিনটি এলাকায় চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধনের কথা ছিল তার প্রথমটি ধানমণ্ডি এলাকা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আগামীকাল বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে এর উদ্বোধন করা হবে।’ তিনি আরও বলেন, ‘আশা করি এই সার্ভিসের মধ্য দিয়ে এলাকার মানুষসহ অন্য এলাকার মানুষও উপকৃত হবে। এর মাধ্যমে যানজট ও যেসব অব্যবস্থাপনা ছিল সেগুলো অনেকটাই দূর হয়ে যাবে।’

নতুন এই সার্ভিসের ভাড়া নির্ধারণের বিষয়ে মেয়র বলেন, ‘অন্য যেকোনো যানবাহনের তুলনায় সস্তা এবং আরামদায়ক হবে। দূরত্বভেদে ১০, ২০ ও ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিআরটিসির এসি এবং নন-এসি উভয় ধরনের বাসই থাকবে। যে দূরত্বে রিকশায় যেতে ৩০-৪০ টাকা দিতে হয়, সেই একই দূরত্বে এয়ার কন্ডিশনের একটি ভালো বাসে লাগবে মাত্র ১০ টাকা।’

চালকদের প্রশিক্ষণ নিয়ে এক প্রশ্নের উত্তরে সাঈদ খোকন বলেন, ‘চালকদের প্রশিক্ষিত করতে ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষ (ডিটিসিএ) এবং মালিক-শ্রমিক সমিতির সঙ্গে সমন্বয় করে যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছি। এ ক্ষেত্রে জমির একটি সমস্যা ছিল। রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক) জমির ব্যবস্থা করবে।’

এর আগে গত ২০ মার্চ নগরভবনে বাস রুট রেশনালাইজেশন বিষয়ক কমিটির চতুর্থ সমন্বয় সভা হয়। সভা শেষে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে ধানমণ্ডি-নিউ মার্কেট-আজিমপুর চক্রাকার বাস সার্ভিস চালুর সিদ্ধান্তের কথা জানান সাঈদ খোকন। পরবর্তী সময়ে মতিঝিল ও উত্তরাতে একই ধরনের সার্ভিস চালু করা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত