ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরে উদ্যোগের প্রশংসা জাতিসংঘের

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:৪৭ এএম

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচর দ্বীপে স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে জাতিসংঘ। পাশাপাশি পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। গতকাল সোমবার জাতিসংঘের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘কক্সবাজারে রোহিঙ্গাদের ঘনবসতি দূর করতে তাদের জন্য বিকল্প বাসস্থানের জন্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছে জাতিসংঘ। তবে এ স্থানান্তর যেন রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে না ঘটে।’ স্থানান্তরের সিদ্ধান্তের ক্ষেত্রে শরণার্থীদের মৌলিক অধিকার ও বসবাসের সুবিধা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

বলা হয়, রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে জাতিসংঘ। এ ধরনের স্থানান্তরের সময় নিরাপত্তা, সহযোগিতা ও কারিগরি সুবিধা প্রয়োজন হয়। সেসব বিষয়েও সরকারের সঙ্গে কথা বলেছে জাতিসংঘ। ভাসানচরে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই বসবাস নিশ্চিত করতে সেখানে নিরাপত্তা-সংক্রান্ত জটিল বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

ভাসানচরে যেন সহজেই বসবাস করা যায়, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, শরণার্থীরা ভাসানচরে যেতে রাজি হলে, তাদের কীভাবে স্থানান্তরিত করা হবে, স্থানটি বসবাস উপযোগী কি না, সেখানে তাদের মৌলিক অধিকার থাকবে কি না এবং তাদের জন্য কী কী সেবা নিশ্চিত করা হবেÑ সেগুলো নিয়ে তারা সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। এছাড়া ওই স্থানের প্রশাসন কী হবে এবং জাতিসংঘ ও তার সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা কীভাবে সেখানে যাবেনÑ সে বিষয়েও সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত