শিশুদের দেশপ্রেমিক করে গড়তে হবে : প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:৩০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরা আগামীতে দেশ পরিচালনা করবে। সে জন্য তাদের দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিশুদের বিকাশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিশুদের এমনভাবে গড়ে তুলতে চাই, তারা বড় হয়ে দেশের সেবায় নিজেকে বিলিয়ে দেবে। আজকের শিশুরা আগামী দিনে এ দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী হবে, দেশ পরিচালনা করবে। ফলে সেভাবেই তাদের গড়ে ওঠার পরিবেশ দিতে হবে।’

সকালে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। পরে প্যারেড কমান্ডার শেখ হাসিনাকে সালাম জানান। সে সময় তিনি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৪৯তম স্বাধীনতা দিবস ও শিশু-কিশোর সমাবেশ উদ্বোধন করেন। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,

‘সোনামণিরা আজ আমাদের স্বাধীনতা দিবস। দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা।’ ওই সময় তিনি বলেন, ‘স্বাধীন দেশে প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং একটি উন্নত জীবন পাবে, এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। শিশুতোষ বয়স থেকে জনগণের কল্যাণে জাতির পিতা ছিলেন নিবেদিতপ্রাণ। মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার আদায়ে সেই ১৯৪৮ সাল থেকে তিনি যে যাত্রা শুরু করেছিলেন, সেটাই ’৭১ সালে তার নেতৃত্বে চূড়ান্ত বিজয় অর্জন করার মধ্য দিয়ে একটি সফল পরিণতি লাভ করে।’

শিশুদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের। তোমরাই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ। ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ উন্নত সমৃদ্ধ দেশ। তোমরা বাবা-মা ও শিক্ষকদের কথা শুনবে। নিয়মশৃঙ্খলা মেনে বড়দের সম্মান করে চলবে।’

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিশুদের জানাতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এসবের হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশছে এসবের দিকে বাবা মাকে নজর রাখতে হবে। মেধা বিকাশে সন্তানদের খেলাধুলা, শরীরচর্চার দিকে জোর দিতে হবে।’

অনুষ্ঠানে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি শিশু-কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে অংশ নেয় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা। কুচকাওয়াজের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। শিশুদের সে পরিবেশনায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত