ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি বিয়ে করেছেন চলতি মাসের শুরুতে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শ্লোক মেহতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি।
হিরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকের বিয়েতে গুগলের সিইও সুন্দর পিচাই থেকে টাটা গ্রুপের রতন টাটা, মাহিন্দ্রার সিইও-সহ অনেকে উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য বিয়েতে অনেক উপহার পেয়েছেন শ্লোক। তবে সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন শাশুড়ি নীতা আম্বানি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রথমে নীতা ভেবেছিলেন পারিবারিক সূত্রে পাওয়া সোনার হারটি শ্লোককে দেবেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। তিনি এমন কিছু দিতে চেয়েছিলেন যা শ্লোকের কাছে সারা জীবন থেকে যাবে বিশেষ আশীর্বাদ হিসেবে। তাই বেছে নেন হিরার একটি নেকলেস।
এই হারের দাম নাকি ৩০০ কোটি রুপি। নকশা ও কাটের দিক থেকে একদম অদ্বিতীয়। এ টাকায় নাকি মুম্বাইয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট কেনা যেতো ১২০টির বেশি। জুহুর মতো এলাকায় কেনা যেতে পারে ১২টি ফ্ল্যাট। এ ছাড়া দিল্লির অভিজাত এলাকায় কেনা যেত ১০০টির বেশি ফ্ল্যাট।
উড়োজাহাজ কোম্পানি সূত্রে জানা যায়, এ টাকায় দিল্লি থেকে নিউইয়র্কে ৬০০ বার যাতায়াত করা যায়।
অবশ্য এত হিসেব কষলেও এ নিয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও শোনা যাচ্ছে আকাশের বোন ঈশা ভাবিকে উপহার দিয়েছেন একটি প্রাসাদসম বাংলো।
