নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলাম গ্রহণ করলেন দেশটির রাগবি তারকা সনি বিল উইলিয়ামসের মা। তার বন্ধু আরেক রাগবি খেলোয়াড়ও ইসলাম গ্রহণ করেছেন একইদিন। উইলিয়ামস নিজেও একজন মুসলিম।
গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক শ্বেতাঙ্গ খ্রিষ্টানের গুলিতে কয়েকজন বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় সেখানে টেস্ট ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল।
বিল উইলিয়ামসের ম্যানেজার ডেইলি মেইলকে নিশ্চিত করেছেন যে, লি উইলিয়ামস মঙ্গলবার ইসলাম গ্রহণ করেছেন।
২০১১ সালে বিলি উইলিয়ামস ইসলাম গ্রহণ করেছিলেন। গত বছর তিনি হজও করেন। সেই সঙ্গে ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদের (সা.) সমাধিও জেয়ারত করেন। তিনি দেশটির রাগবি দলের দুইবারের বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। রাগবির আগে তিনি ছিলেন হেভিওয়েট বক্সার।
ডেইলি মেইল জানায়, অকল্যান্ডের বাসিন্দা ৩৩ বছর বয়সী উইলিয়ামস পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। তার পরিবারে তিনিই ছিলেন একমাত্র মুসলিম। ক্রাইস্টচার্চে মসজিদে মুসল্লিদের হত্যাকাণ্ডের পর ইসলাম গ্রহণ করেছেন তার মা লি উইলিয়ামস। রাগবি টিমে তার ঘনিষ্ঠ বন্ধু ওফা তুয়াঙ্গাফাসিও ধর্মান্তরিত হয়েছেন।
বিশ্বের নামকরা ইসলামি ব্যক্তিত্ব সাজিদ উমর মঙ্গলবার এক টুইটার বার্তায় এ ঘটনা জানান। তিনি বলেন, একটি বড় সুসংবাদ হচ্ছে আমাদের ভাই সানি বি উইলিয়ামসের মা ইসলাম গ্রহণ করেছেন, তার ঘনিষ্ঠ বন্ধুসহ। এ জন্য মহান আল্লাহর প্রশংসা করছি। তিনি সবচেয়ে বড় দয়ালু। আমি যত দূরেই থাকি না কেন আমার ভাইয়ের প্রতি আমি অত্যন্ত খুশি। আল্লাহ তাকে সম্মানিত করুক।
ক্রাইস্টচার্চের ঘটনায় প্রচণ্ড শোকাহত হয়ে পড়েন উইলিয়ামসের পরিবার। সন্ত্রাসী হামলায় আহতদের হাসপাতালে দেখতে যান এ রাগবি তারকা। তার সঙ্গে ছিলেন ওফা তুয়াঙ্গাফাসিসহ কয়েকজন রাগবি খেলোয়াড়ও।
