আশুলিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের মামলায় তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশ আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
এ ছাড়া ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ধর্ষণের ঘটনায় বুধবার সকালে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।
গ্রেপ্তাররা হলো- নোয়াখালী জেলার হাতিয়া থানার রেহানিয়া গ্রামের মুনসুর আলী ওরফে রনি (৩৬), দিনাজপুর জেলার বিরল থানার শ্যামপুর গ্রামের মো. আনিস (৩২) এবং আশুলিয়ার ঘোষবাগ গ্রামের ইয়াছিন আরাফাত ওরফে শুভ (২০)।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বাসায় ফেরার পর স্থানীয় তিন বখাটে ওই দম্পতিকে আটক করে। এ সময় তারা বিবাহিত নয় এমন অপবাদ দিয়ে স্বামী-স্ত্রীকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ফোন এবং নগদ ২৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্বামীকে একটি কক্ষে আটকে গৃহবধূকে ধর্ষণ করে মুনসুর আলী রনি।
তিনি জানান, মামলা দায়েরের পর বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটেদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
