বিমানবন্দর-বাড্ডা-রামপুরা-মালিবাগ-গুলিস্তান রুটে নামছে বিআরটিসি

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:২১ পিএম

রাজধানীর বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট রুটে বিআরটিসি বাস চালু হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বুধবার এ সার্ভিসের উদ্বোধন করেন। প্রথমদিনে এ রুটে দেওয়া হয়েছে বিআরটিসির চারটি ডাবল ডেকার বাস।

 ১৯ মার্চ রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ওই ঘটনার পর সুপ্রভাত এবং জাবালে নুর পরিবহনের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করে বিআরটিএ। এই দুটি বাসের চলাচলে নিষেধাজ্ঞার পর যাত্রীদের দুর্ভোগ মেটাতে নতুন বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী দুই সপ্তাহের মধ্যে বিআরটিসি এ রুটে আরও ২০টি বাস যুক্ত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, গত ১৯ তারিখের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর জাবালে নুর ও সুপ্রভাত পরিবহন বন্ধ করে দেয়ায় সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ও নিরাপদ সড়ক বিনির্মাণের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে অতি দ্রুত এ বাসগুলো উদ্বোধন করা হয়েছে।

সময় নষ্ট না করে দুই সিটি করপোরেশন মিলে ঢাকা শহরে বাসের ফ্রাঞ্চাইজ চালু করা হবে বলে জানান তিনি। মেয়র আরও জানান, উত্তরার জন্য একটি চক্রাকার বাস রুট উদ্বোধন করা হবে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ সড়ক বিনির্মাণে ইতিমধ্যে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, আন্ডারপাস ইত্যাদির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। অতি দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিআরটিসির চেয়ারম্যান মো. ফরিদ আহমদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত