সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ষোলো ঘণ্টা পরে এক শিশুকে ফেরত দিয়েছে অপহরণকারীরা।
উপজেলার পৌর এলাকার ঝিকিড়া মহল্লার আমিনুল ইসলামের ছেলে স্থানীয় শাহীন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আদনান আবির(১০) বুধবার অপহৃত হওয়ার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ি ফিরে এসেছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সে ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়।
প্রবাসী আমিনুল ইসলাম এ ব্যাপারে বলেন, “আমি কিছুদিন হলো দেশে এসেছি। বুধবার বিকেলে আবির খেলাধুলা শেষে বাড়ি ফেরার সময় দু’জন অপরিচিত মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করে জানায়, তোমার বাবা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে। তোমাকে নিতে যেতে তোমার বাবা আমাদের পাঠিয়েছে। এই বলেই তারা আবিরকে মোটরসাইকেল তুলে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি বুধবার রাতেই উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করা হয়।”
অপহৃত আবির বাড়ি ফিরে জানায়, তাকে রাতে কাপড় দিয়ে চোখ বেঁধে একটি পুরোনো বিল্ডিংয়ে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দু’জন মোটরসাইকেল আরোহী তাকে উল্লাপাড়া পুরোনো বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দ্রুত চলে যায়। এ সময় তার চোখ মুখে চরম ভয় ও আতঙ্ক বিরাজ করছিল।
আবিরকে ফেরত পেতে মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে আবিরের বাবা আমিনুল ইসলাম জানান, ছেলে বাড়ি ফিরে এসেছে, এটাই বড় কথা। এর বাইরে তিনি কোন কিছু বলতে রাজি হননি।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক বলেন, ঘটনাটি থানা পুলিশ অবহিত হবার পর বিভিন্ন মাধ্যমে আবিরকে উদ্ধারের জন্য রাতভর চেষ্টা করে পুলিশ। ফলে অপহরণকারীরা গ্রেপ্তার এড়াতে তাকে ফেলে রেখে গেছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
