বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় সমালোচনায় পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসুর) ভিপি নুরুল হক নুর। ঘটনাস্থলে জমায়েত করা, ছবি ও ভিডিও তোলা নিয়ে তিনি সামাজিক মাধ্যমে সমালোচনায় পড়েন।
এরপর রাতে বনানীর ওই স্থানে ফায়ার সার্ভিস কর্মীদের পানির বোতল দিতে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা রাশেদ খাঁনকে।
বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের একটি ভিডিওতে দেখা যায়, নুরকে রাস্তা করে দিতে তার সঙ্গে থাকা লোকজন ব্যস্ত। রাস্তা করে দিতে 'সাইড হন, সাইড হন' ভাই বলে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায় দলটিকে। এ সময় নুর ও তার দলকে সেখানে না দাঁড়ানোর জন্য বলা হলে তিনি (নুর) হেসে বলেন, এখানে ছবি তুলে চলে যাব।
ভিডিওতে নুর বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিসের ব্যবস্থা দুর্বল। যত দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার পারছি না। অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়নের জন্য পুনরাবৃত্তি। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের প্রতি অনুরোধ, ঘটনা বারবার ঘটছে আপনারা শিক্ষা নেন এবং কার্যকরী ব্যবস্থা নেন'।
এ সময় আশেপাশে তার সঙ্গে আসা লোকজন অন্যদের ধমক দিয়ে বলেন, ‘সাইড টক করবেন না’। নুরের বক্তব্য শেষ হওয়ার পরপরই পাশ থেকে বলা হয় ‘এই তালি তালি’।
এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সমালোচনা হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনের নেতারা রাশেদ খাঁনসহ কয়েকজনের ঘটনাস্থলে গিয়ে পানির বোতল বিতরণ ও পানির পাইপ বয়ে নিয়ে যাওয়ার ছবি ফেসবুকে দেন।
