কিলিয়ান এমবাপে, নেইমার, লুইস সুয়ারেস সেরা। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোকে তাদের চেয়েও ভালো মানের খেলোয়াড় বলে মনে করেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। মেসি নিজেও এই পর্যায়ের বলে দাবি তার।
এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সময়ের সেরা পাঁচজন খেলোয়াড়কে বাছাই করতে বলা হয় মেসিকে। তাতে পিএসজির দুই তারকা ফরোয়ার্ড এমবাপে, নেইমার, চেলসির এডেন হ্যাজার্ড, বার্সেলোনার সুয়ারেস ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর নাম উল্লেখ করেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।
আলাদা রাখেন ইউভেন্তুস তারকা রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ডের পাশে মেসি ঠাঁই দিয়েছেন নিজেকেও।
রোনালদোকে কেন পাঁচজনের তালিকায় কেন রাখেননি? এমন প্রশ্নের জবাবে ব্যক্তিগত পর্যায়ে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভাসালেন মেসি।
“রোনালদো ও আমিসহ বর্তমানে অনেক ভালো খেলোয়াড় আছে। নেইমার, কিলিয়ান এমবাপে, লুইস সুয়ারেস, এডেন হ্যাজার্ড, সার্জিও আগুয়েরো।”
“তারা সবাই বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তবে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোকে এ তালিকার বাইরে রাখবো, আমার সঙ্গে।”
