মিরপুরে মিজানুর-ফজলে রাব্বির সেঞ্চুরি

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৩:২৩ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুই ম্যাচ পর ফের শতকের দেখা পেয়েছেন মিজানুর রহমান। সেঞ্চুরি হাঁকিয়ে রানে ফিরেছেন ফজলে মাহমুদ রাব্বি। এই দুই ব্যাটসম্যানের নৈপুণ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ব্রাদার্স ইউনিয়ন।

দলীয় ১০ রানেই ওপেনার জুনায়েদ সিদ্দিককে হারায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ব্রাদার্স। এরপর দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন মিজানুর ও রাব্বি। দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের জুটি গড়েন তারা। অসাধারণ এই জুটি গড়ার পথে শতকের দেখে পেয়েছেন উভয়ই।

তিন অঙ্ক স্পর্শ করতেই উইকেট ছাড়া হন ওপেনার মিজানুর। ১০৯ বলে খেলা তার ১০০ রানের ইনিংসটি আট চার ও পাঁচ ছক্কায় সাজানো। দুই ম্যাচ আগে উত্তরা স্পোর্টের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

আগের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ফজলে রাব্বি। বিশাল ইনিংসে রানে ফিরলেন তিনি। ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

শেষ পর্যন্ত ১৪৯ রানে অপরাজিত থাকেন রাব্বি। তার ১৪৭ বলের ইনিংসটি ১৩ চার ও পাঁচ ছক্কায় সাজানো। তৃতীয় উইকেটে ইয়াসির আলির সঙ্গে অপরাজিত ১২৭ রানের জুটি গড়েন রাব্বি। ৩৭ বলে ছয় চার ও তিন ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

দুই শতক ও এক অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে দুই উইকেটে ৩৩০ রানের সংগ্রহ পায় ব্রাদার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত