‘অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নাশকতা কি না খতিয়ে দেখা উচিত’

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৫:১১ পিএম

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নাশকতা কিনা, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডগুলি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা আছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত’।

শনিবার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা: চকবাজার পরবর্তী প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় ডিএসসিসি মেয়র এ আহ্বান জানান।

ব্যবসায়ীদের মধ্যে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি অতি দাহ্য ৩৫ টি কেমিক্যাল টিসিবি এর মাধ্যমে আনার ব্যাপারে ব্যবসায়ীদের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআরের সঙ্গে সমন্বয় করতে বলেন তিনি।

এছাড়া ব্যবসায়ীদের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে অগ্নিকাণ্ডে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার সুবিধার্থে পুরোনো ঢাকার বাবুবাজার এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ফায়ার ব্রিগেড অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানান।

মেয়র বলেন, জাতীয় অর্থনীতিতে পুরান ঢাকার ব্যবসায়ীদের অবদান রয়েছে। তারা যাতে কোনো হয়রানির শিকার না হয়ে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন সেটা যেমন দেখা হবে, তেমনি নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার্থেও নগর কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘জীবনের বিনিময়ে কোন ব্যবসা নয়। নিরপরাধ কোন জীবনহানি যেন না ঘটে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।’

ডিসিসিআই সভাপতি ওসামা তাসী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত