ভারতে কাশ্মীরের পুলওয়ামায় আবারও হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের হামলায় মারা যায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৯ সদস্য।
এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে ভারত। যদিও পাকিস্তান তা অস্বীকার করে। পাল্টাপাল্টি বক্তব্যের একপর্যায়ে দুই বৈরী প্রতিবেশীর মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার পুলওয়ামার স্টেট ব্যাংকের সামনে গ্রেনেড হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়।
এখন পর্যন্ত এ ঘটনায় একজন সিআরপিএফ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী।
এদিকে এ হামলার পর প্রশ্ন উঠেছে, পুলওয়ামায় সিআরপিএফের গাড়িবহরে হামলার পর নিরাপত্তায় যে কড়াকড়ির কথা বলা হয়েছিল, সেটি আদৌ কার্যকর হয়েছে কিনা?
