আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৭:৩০ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আদাচাকি গ্রামের বাসিন্দা মো. রমজান আলীকে (৪৫) দুর্বৃত্তরা পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত রমজান আলী জানান, শুক্রবার দিবাগত রাতে তার বাড়ির পাশের সড়কে হাঁটাহাঁটি করার সময়ে ৪/৫ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়ে পালিয়ে যায়।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি এ হাসপাতালের পুরোনো ভবনের ৩য় তলার ২৩নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ভাঙাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক ভাসানী বলেন, বিষয়টি আমার জানা নেই। তাই এ ব্যাপারে কিছু বলতে পারছি না।

এ ব্যাপারে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ কিছু জানায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত