শরীয়তপুর থেকে ‘শেখ হাসিনা তাঁতপল্লি’ সরিয়ে নেওয়ার ঘোষণায় প্রতিবাদ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৮:৪৫ পিএম

পদ্মা সেতুর কাছে শরীয়তপুর-ঢাকা সড়কের পাশে শেখ হাসিনা তাঁতপল্লি নির্মাণের প্রস্তাব করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। সে অনুযায়ী গত বছর ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই শুরু হয় ভূমি অধিগ্রহণের কার্যক্রম। শরীয়তপুরের নাওডোবায় ৬০ একর ও জাজিরার কুতুবপুরে ৬০ একর ভূমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করা হয়। এ ১২০ একর জমির ওপর বাংলাদেশ তাঁত বোর্ড প্রকল্পটি নির্মাণ করবে।

ওই প্রকল্পটি জাজিরা থেকে  মাদারীপুরের শিবচরে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-২ আসনের সাংসদ নূর-ই আলম চৌধুরী। গত মঙ্গলবার তিনি ওই প্রকল্প এলাকা পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।

এর প্রতিবাদে শরীয়তপুরের বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শনিবার দুপু‌রে শহরের ঢাকা-শরীয়তপুর সড়কে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে শরীয়তপুর আলোকিত সমাজ ও উজ্জীবিত বহমুখী প্রচেষ্টা নামে দুটি সংগঠন।

মানববন্ধন শেষে সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শরীয়তপুর আলোকিত সমাজের সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সুজনের জেলা সভাপতি আহনুল্লাহ ইসমাইলি, কোট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী, প্রেসক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান, সাহিত্য পত্রিকা ভাবনার কাশবনের সম্পাদক স্বপন সরকার প্রমুখ।

এর আগে ২৪ মার্চ জাতীয় সংসদে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় শরীয়তপুরের অংশ বাদ দিয়ে শিবচরের কুতুবপুরে আরো ৬০ একর জমি অধিগ্রহণ করে তাঁতপল্লীটি নির্মাণ করা হবে। ওই সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করার পর শরীয়তপুরের জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণ আইনের ৪ ধারায় জমির মালিকদের চিঠি দিয়ে অধিগ্রহণের বিষয়ে কোন আপত্তি আছে কিনা তা জানতে চায়। গত ২৬ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসন ওই আপত্তি নিষ্পত্তি করেন। এর পর সীমানা নির্ধারণ করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়। ২৭ জানুয়ারি থেকে জেলা প্রশাসন ও প্রত্যাশিত সংস্থা বাংলাদেশ তাঁত বোর্ড প্রস্তাবিত ওই জমির স্থাপনার বিষয়ে যৌথ তদন্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত