নিউ জিল্যান্ড অনূধ্র্ব-১৯ দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন সুজন জানান, ‘‘নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজটি বাতিল হয়েছে। তারা আমাদের জানিয়েছে নির্ধারিত সময়ে সিরিজটি হচ্ছে না।’’
পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল ৫টি যুব ওয়ানডে ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল নিউ জিল্যান্ড যুবাদের। সুজন জানিয়েছেন কিছুদিন আগে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার প্রভাবে নিউ জিল্যান্ড বোর্ডে এই সিরিজটি বাতিল করেছে।
কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউ জিল্যান্ড সফরে থাকা কালে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। আক্রান্ত দুই মসজিদের একটিতেই জুম আর নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন টাইগাররা।
সুজন বলেন, ‘‘সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। তাদের (খেলোয়াড়দের) বাবা-মারা এ সিরিজ খেলা নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন, যেহেতু ক্রিকেটারের সবাই এখনো কম বয়সী।’’
