মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে সরকারি কর্মকর্তাদের বিজ্ঞাপন কেন অবৈধ নয়

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৯:১৬ পিএম

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া শুভেচ্ছা বিজ্ঞাপন ও এ ধরনের তৎপরতা কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর সোমবার প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, তথ্য সচিবসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়াসহ চারজন আইনজীবী রোববার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। জনগণের করের টাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের এ ধরনের বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ ও নিষেধাজ্ঞা চাওয়া হয় আবেদনে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, ‘দেখা যাচ্ছে কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারী মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞাপন দিচ্ছে যা কাম্য নয় এবং ভবিষ্যতের জন্য এগুলো খারাপ দৃষ্টান্ত হবে।’

তিনি বলেন, ‘মন্ত্রী তো তাদের (সরকারি কর্মকর্তা ও কর্মচারী) দপ্তরের। তাকে তো তিনি এমনিতেই শুভেচ্ছা জানাতে পারেন। এ জন্য জনগণের টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয় না। জনগণের টাকা আইন অনুযায়ী খরচ করতে হবে। কারও ব্যক্তিগত স্বার্থে খরচ করা যাবে না। আমরা বিষয়টিকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলাম। আদালত রুল জারি করেছেন।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত