মোহামেডানের সমস্যা পেশাদারিত্বে

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:১২ এএম

সাত ম্যাচে চার হার। তিন জয়। সেই তিনটি শুরুতে। টানা। এরপর টানা চার হার। মোহামেডান স্পোর্টিং ক্লাব খাদের কিনারায় দাঁড়িয়ে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সে খেলা নিয়ে তাদের এখন সংশয়। আরেকটি হার তাদের ঠেলে দিতে পারে আরও অনিশ্চয়তায়। মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবটি এমন সমস্যায় কেন?

‘সমস্যা পেশাদারিত্বে।’ জানালেন মোহামেডানের এক কর্তা। কিন্তু এই যে টানা তিন ম্যাচ জিতে শুরু, ভালোই তো ছিল! ‘কীভাবে জিতেছি তা দেখতে হবে তো।’ কষ্টের জয়ের প্রসঙ্গ টেনে আরেকজনের জবাব। তা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেডও প্রায় জাতীয় দল নিয়ে উড়িয়ে দেওয়া জয় তো পাচ্ছে না তেমন।

এসব যুক্তি মোহামেডানকে স্পর্শ করছে না এখন। আজ বিকেএসপিতে অষ্টম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলা। এর মধ্যে অপেক্ষাকৃত ছোট দলের বিপক্ষেও হেরে বসেছে মোহামেডান। তাই ভয় আরও। গতকাল মিরপুরে অনুশীলনের ফাঁকে বা পরে মোহামেডানের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হলেন না। একাডেমি মাঠে ‘সিরিয়াস’ এক টিম মিটিং হয়ে গেল।

অধিনায়ক রকিবুল হাসান, অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল, শাহাদাত হোসেন রাজীবরা সেখানে আরও সিরিয়াস। কিন্তু খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়েই যে প্রশ্ন খোদ ক্লাবের এখন!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত